প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশ একমত - অ্যাডমিরাল কোহলার

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোহলার সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে তার সরকারি সফর শেষ করেছেন।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, অ্যাডমিরাল কোহলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরো গভীর করার বিভিন্ন উপায় পর্যালোচনা করা হয়।

দূতাবাস জানায়, সামুদ্রিক ক্ষেত্র এবং বিস্তৃত নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অ্যাডমিরাল কোহলারের এ সফর অনুষ্ঠিত হলো। এ সফর আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের অব্যাহত সম্পৃক্ততার প্রতিফলন।