বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আখলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
গত বুধবার রাতে উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখলিমা বেগম ওই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।
জানা যায়, সালেহ আহমদ মেম্বার ও কামরুল ইসলাম চৌধুরী গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে উভয়পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত থাকে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
জানা যায়, সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আখলিমা বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে সংঘর্ষ চলাকালে গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকান ভাঙচুর এবং একটি বসতবাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ ছিল। এর জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



