কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
পানির অভাবে নিদারুণ কষ্ট পোহাচ্ছেন নেত্রকোনার কেন্দুয়ায় একটি হত দরিদ্র পরিবার। জীবন-জীবিকার তাগিদে পানি সংগ্রহ করতে অনেক সময় মারাত্মক বিপত্তির শিকার হতে হচ্ছে পরিবারটিকে। এই যুগে একটি পরিবারে পানির অভাব সত্যিই অমানবিক।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর গ্রামের আগপাড়ার অধিবাসী হত দরিদ্র তৌহিদ মিয়া। স্ত্রী সন্তান মিলে সাত সদস্যের পরিবার। এদের মধ্যে দুইজন প্রতিবন্ধী। জমিজমা বলতে কিছুই নেই। অন্যত্র কাজ করে যা পান তা দিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমে সংসার চালাতে হয় তাকে। ফলে পানির ব্যবস্থা করার সামর্থ্যও হয়ে উঠে না তার। খাবার পানি আনতে হয় অন্যের বাড়ি থেকে। গোসলের জন্য যেতে হয় অন্যের পুকুরে। রান্না বান্নাসহ সকল কাজের জন্য পানি সংগ্রহ করতে হয় অন্যত্র থেকে। এজন্য অনেক সময় মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় এই অসহায় পরিবারটিকে।
এ ব্যাপারে তৌহিদ মিয়া বলেন, দুইজন প্রতিবন্ধীসহ সংসার চালাতে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় পানির জন্য। কেউ যদি একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিতেন, তাহলে অন্তত পানির কষ্ট থেকে বাঁচতে পারতাম।



