হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৫ শিশুর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন ঢাকায় এবং উপসর্গে ঢাকায় দুই এবং সিলেট ও বরিশালে একজন করে মারা গেছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৬৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯০ শিশুর, আর উপসর্গ মিলেছে ৮৭৯ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৪ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৫০০ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০ শিশু।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ হাজার ৩৪০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯০ হাজার ৬০৫ জন।

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো : সিলেট বিভাগে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ৭ মাসের মারা যাওয়া শিশু অয়ন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন।

গতকাল এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।