গালফ নিউজ
মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও যোগাযোগের চিত্র বদলে দিতে জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) রেলওয়ে প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের পরিবহন ও যোগাযোগমন্ত্রীদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই মহাপরিকল্পনা দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দেয়া হয়েছে। নীতিনির্ধারকদের মতে, এটি কেবল একটি যাতায়াত মাধ্যম নয়, বরং পুরো গালফ অঞ্চলের বাণিজ্য, অর্থনীতি ও লজিস্টিক খাতের নতুন দিগন্ত উন্মোচন করবে।
মেগা এই অবকাঠামো প্রকল্পের কাজ শেষ হলে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান- এই ছয়টি দেশ একই সুতোয় বাঁধা পড়বে। প্রায় দুই হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক রেল নেটওয়ার্কের শুরুটা হবে কুয়েত সিটি থেকে। এরপর সৌদি আরব, বাহরাইন, কাতার ও ইউএই হয়ে এটি সরাসরি ওমানের রাজধানী মাসকাটে গিয়ে শেষ হবে। পরিবহন মন্ত্রীদের ওই বৈঠকে জানানো হয়, রেলপথটি চালু হলে সড়কপথের ওপর থেকে চাপ ও পণ্য পরিবহনের খরচ একলাফে অনেক কমে আসবে। ফলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য আরো গতিশীল হবে এবং বৈশ্বিক বাজারের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।



