নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে স্টল স্থাপন করেছেন প্রকাশকরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এবারের বইমেলায় দেশী-বিদেশী বিভিন্ন ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য, শিশু-কিশোরদের উপযোগী ইসলামী গ্রন্থসহ বিভিন্ন বিষয়ে বই পাওয়া যাবে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামী প্রকাশনা সংস্থা মেলায় তাদের প্রকাশিত গ্রন্থ প্রদর্শন ও বিক্রয় করবে। ফলে ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।
মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামী সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে বইমেলা পরিণত হবে জ্ঞানচর্চা ও ইসলামী সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে পবিত্র কুরআন, হাদিস, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইমেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামী গ্রন্থের সমাহারের কারণে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।



