বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
বারবার বদলি হলেও স্বভাব বদলায়নি যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের। জন্মনিবন্ধন ও বিভিন্ন সরকারি ভাতা পাইয়ে দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের। সম্প্রতি এক প্রবাসীর সন্তানের জন্মনিবন্ধন সংশোধনে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করায় তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, ঘোষনগর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আবু রায়হানের সাত বছরের মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও জন্মনিবন্ধনের জটিলতায় খাতায় নাম ওঠেনি। রায়হানের মা রোজিনা খাতুন ইউপি কর্মকর্তা আব্দুল আলিমের কাছে গেলে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে প্রবাসীর সাথে মুঠোফোনে দরকষাকষিতে ২০ হাজার টাকায় রফা হয়, যা রেকর্ড করে রাখা হয়। পরে রোজিনা বেগম ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
অনুসন্ধানে জানা গেছে, আলিম রায়পুর ও ধলগ্রাম ইউনিয়নে কর্মরত থাকা অবস্থায়ও একই ধরনের অপরাধে অভিযুক্ত হয়ে বদলি হন। ঢাকার একটি চক্রের মাধ্যমে জন্মনিবন্ধন ও এনআইডি সংশোধন করিয়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। শুধু কর্মক্ষেত্রেই নয়, এলাকায়ও তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। একটি মারামারি মামলায় ১০ দিন জেল খেটে সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়েছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি না হলেও কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন আব্দুল আলিম। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।



