বগুড়া অফিস
বগুড়ায় গ্রুপ ক্যাপ্টেন (অব:) এম শওকত ইসলাম রচিত আত্মজৈবনিক গ্রন্থ অবিশ্বাস্য এক যাত্রা-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার শহরের হোটেল নাজ গার্ডেনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক আহমদ সারওয়ারুদ্দৌলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
এ সময় হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী মো: শোকরানসহ বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখক এম শওকত ইসলাম তার দীর্ঘ কর্মজীবন, যুদ্ধকালীন অভিজ্ঞতা ও পারিবারিক স্মৃতিচারণ তুলে ধরেন। তিনি বলেন, বইটি মূলত তার জীবনের নানা উত্থান-পতন, দায়িত্ববোধ, দেশপ্রেম ও অভিজ্ঞতার নির্যাস। একজন ফাইটার পাইলট, সামরিক কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জীবনের বিভিন্ন অধ্যায় তিনি বইটিতে তুলে ধরেছেন।
প্রকাশক আহমদ সারওয়ারুদ্দৌলা বলেন, অবিশ্বাস্য এক যাত্রা শুধু একটি আত্মজীবনী নয়, এটি একই সাথে ইতিহাস, অভিজ্ঞতা ও মানবিক সংগ্রামের দলিল।
লেখক এম শওকত ইসলাম ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ার শিক্ষাবান্ধব পরিবেশে।



