রাজশাহীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

Printed Edition

রাজশাহী ব্যুরো

পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে রাজশাহী-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় কয়েক শ কৃষক রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তারা জানান, রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় চলছে। কিন্তু স্থানীয় ডিলারদের কাছে প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। উল্টো কৃত্রিম সঙ্কট তৈরি করে খোলা বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। সকালে বানেশ্বর বাজারে ডিলারের দোকানের সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন কৃষকরা। পরে তারা বানেশ্বর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুঠিয়ার বিড়ালদহ গ্রামের কৃষক আব্দুর রহিম (৪৫) বলেন, আমন ধানের জমিতে এখন সার দেয়ার এখনই সময়। তিন দিন ধরে বানেশ্বর বাজারে ঘুরছি, ডিলার বলছে সার নেই। কিন্তু বাজারের খুচরা দোকানে গোপনে বেশি টাকা দিলেই সার পাওয়া যাচ্ছে। সরকারি দামে সার না পেলে আমাদের চাষাবাদ করে না খেয়ে থাকতে হবে।

কৃষক রফিকুল ইসলাম (৫০) বলেন, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। সকাল ১০টার দিকে ডিলার ওছমান আলী বলেন সার শেষ। আমরা সার না পেলে জমি রক্ষা করব কীভাবে? সিন্ডিকেট করে আমাদের পকেট কাটা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অসাধু ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে। ন্যায্যমূল্যে প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।