ইরান চুক্তির খসড়া ইসরাইলকে দেখাতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

Printed Edition

আনাদোলু এজেন্সি

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য তেল আবিবের করা একটি অনুরোধ ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে বলে গুঞ্জন উঠেছে। এর ফলে আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে সই হতে যাওয়া চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো ইসরাইলের কাছে অজানা রয়ে গেছে।

ইসরাইলের প্রভাবশালী গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক খবরে দাবি করা হয়, গত মঙ্গলবার ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে চুক্তি সইয়ের আগে স্মারকটি পর্যালোচনার সুযোগ চেয়েছিলেন; কিন্তু মার্কিন প্রশাসন তাতে সাড়া দেয়নি। ফলে শুক্রবারের আনুষ্ঠানিক সইয়ের আগে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো ইসরাইলের হাতে পৌঁছায়নি। তবে এই দাবির বিপরীতে ভিন্ন তথ্যও সামনে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি কূটনৈতিক সূত্র আনাদোলুকে জানিয়েছে, তেলআবিব মূলত মার্কিন আলোচকদের কাছে এ ধরনের কোনো অনুরোধই জানায়নি। একই সাথে যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও চ্যানেল ১২-এর এই খবরকে ‘ভুল’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, পুরো আলোচনা প্রক্রিয়াজুড়ে ইসরাইলসহ আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ বজায় রেখেছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা স্মারকের প্রতিটি শব্দ নিজে নিখুঁতভাবে পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও এই গুরুত্বপূর্ণ নথিটির বিষয়বস্তু ঠিক কবে নাগাদ প্রকাশ করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান-কোনো পক্ষই চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ইরানি গণমাধ্যমগুলোর দাবি, এই সমঝোতা স্মারকে মোট ১৪টি ধারা রয়েছে।