১২০ মিলিয়ন পাউন্ডে রিয়ালে দিয়োমান্দে

Printed Edition
১২০ মিলিয়ন পাউন্ডে রিয়ালে দিয়োমান্দে
১২০ মিলিয়ন পাউন্ডে রিয়ালে দিয়োমান্দে

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়ে রিয়ালে যোগ দিলেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দে। সব জল্পনার অবসান ঘটিয়ে আরবি লাইপজিগ থেকে তাকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত অর্থসহ এই দলবদলের মূল্য সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ইউরো বা প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড হতে পারে। বড় অঙ্কের চুক্তিতে দিয়োমান্দে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত হতে যাচ্ছেন।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, দিয়োমান্দের সাথে তাদের চুক্তি ২০৩৩ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, এটি ক্লাবটির ইতিহাসে রেকর্ড দলবদলও হতে পারে। এর আগে ২০২৩ সালে জুড বেলিংহামকে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আনতে প্রায় ১৩৩.৯ মিলিয়ন ইউরো খরচ করেছিল রিয়াল।

দিয়োমান্দেকে দলে পেতে আগ্রহী ছিল পিএসজি ও লিভারপুলও। তবে বড় অঙ্কের অর্থের কারণে পিএসজি শেষ পর্যন্ত দৌড় থেকে সরে যায়। অন্য দিকে জুনে লিভারপুলের প্রায় ৬৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল লাইপজিগ। ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে লাইপজিগে যোগ দেন দিয়োমান্দে।

জার্মান বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই নজর কাড়েন তিনি। ২০২৫-২৬ মৌসুমে ১২ গোল ও ৮টি সহায়তা করে বুন্দেসলিগার বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৩টি এবং সহায়তা ১০টি।

গতি, ড্রিবলিং, সৃষ্টিশীলতা ও একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতার জন্য পরিচিত দিয়োমান্দে দুই উইংয়েই খেলতে পারেন। ডান প্রান্তে তার গতি ও ক্রসিং যেমন কার্যকর, তেমনি বাঁ দিক থেকে ডান পায়ে ভেতরে ঢুকে গোলের সুযোগ তৈরি করতেও পারদর্শী।

রিয়াল মাদ্রিদে দিয়োমান্দে নতুন কোচ হোসে মরিনহোর অধীনে খেলবেন। আগামী কয়েক বছরে তাকে দলের গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

রিয়ালে ২০৩২ পর্যন্ত ভিনিসিয়াস