সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা : সিসিক প্রশাসক

Printed Edition

সিলেট ব্যুরো

‘আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই শহরে বসবাস করি। আমরা সবাই এই শহরের মানুষ। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু নেই’ উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এই শহরের ভালো-মন্দ সব কিছুরই আমরা অংশীদার এবং অংশীদারিত্বের মাধ্যমেই আমরা সব কাজ সম্পন্ন করি।

মঙ্গলবার দুপুরে চালিবন্দরে বিষহরি মন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিসিক প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশন সবার প্রতিষ্ঠান। প্রশাসক বা মেয়র হিসেবে সব ধর্ম, শ্রেণী ও পেশার মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব।’

সবাইকে সমান চোখে দেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘জাতিগত বা সম্প্রদায়গত কোনো বিভেদ নেই। এ ক্ষেত্রে কোনো বিভেদ এলে তা কঠোরহস্তে প্রতিহত করা হবে।’

চালিবন্দর বিষহরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শশাঙ্খ শেখর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন প্রমুখ।