ক্রীড়া প্রতিবেদক
নারী সাফ মানেই ফেবারিট বাংলাদেশ। তা সিনিয়র বা জুনিয়র যে লেভেলেই হোক না কেন। এর গণ্ডী পেরিয়ে এবার নারী ফুটসাল সাফেও প্রথমবারের মতো শিরোপা জয় বাংলাদেশের। সেই তরতাজা রেশের মধ্যেই আজ বাংলাদেশ নারী দলের আরেকটি সাফ জয়ের মিশন। আজ থেকে নেপালের পোখারায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী সাফ। বাংলাদেশ এই আসরে ২০২৪ সালে ভারতের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। স্বাভাবিকভাবেই এবারের অনূর্ধ্ব-২০ সাফেও লাল-সবুজরা ফেবারিট। তবে এই প্রথম বাংলাদেশ দলকে সাফের কোনো আসর খেলতে যাচ্ছে মাত্র এক দিনের প্রস্তুতি নিয়ে। সেই পুঁজি সাথে নিয়েই আজ পিটার জেমন বাটলার বাহিনী মুখোমুখি হচ্ছে ভুটানের। বাংলাদেশ সময় দুপুর সোয়া বারোটায় পর্যটন নগরী পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে হবে এই খেলা। আসরের অপর দলগুলো হলো ভারত ও নেপাল। ২ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সাথে। এরপর ৪ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা দুই দল ৭ তারিখে ফাইনাল খেলবে।
অনূর্ধ্ব-১৯ নারী সাফে বাংলাদেশের সর্বশেষ ট্রফি জয়ের সময় কোচ ছিলেন সাইফুল বারী টিটু। এবার এই দলের কোচ পিটার জেমস বাটলার। এই প্রথম অনূর্ধ্ব-১৯ দলের কোচ হলেন এই ব্রিটিশ কোচ। এর আগে তার অধীনে লাল-সবুজরা সিনিয়র নারী সাফের শিরোপা ধরে রাখে এবং এশিয়ান কাপে কোয়ালিফাই করে। এ ছাড়া অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনাল রাউন্ডেও কোয়ালিফাই করেছে। যা এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।
নারী ফুটবলে লাল-সবুজদের কাছে শিরোপার বিকল্প কোনো কিছু ভাবাই যায় না। একেতো নারী ফুটবলের ক্রেজ। সাথে সাফে টানা সাফল্য। অবশ্য কোচ পিটার বাটলার এই আসরে চ্যাম্পিয়ন হওয়াটাকে গুরুত্বের সাথে দেখছেন না। গতকাল টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে বাটলার বলেন, মাত্র এক দিনের প্রস্তুতি আমাদের। আমি কোনো অজুহাত দিতে চাই না। তবে এই আসরে আমাদের মূল লক্ষ্য নতুন খেলোয়াড় খুঁজে বের করা। তারা কিভাবে খেলায় মনোযোগী হবে, কিভাবে ভবিষ্যতে নিজেদের আরো উচ্চতায় নিতে পারবে সিনিয়র জাতীয় দলকে আরো সার্ভিস দিতে পারবে সেটা শেখার জায়গাই এই আসর।’ এরপর তিনি ফের উল্লেখ করলেন, আমি আবারো বলছি এই টুর্নামেন্টে ট্রফি আমাদের মূল লক্ষ্য নয়। আসল উদ্দেশ্য নতুন প্রতিভা খুঁজে বের করা। এই দলের অধিনায়ক অর্পিতা বিশ^াস। এই ডিফেন্ডারও উল্লেখ করলেন, আমরা মাত্র এক দিনের প্রস্তুতি নিয়ে এসেছি। এখন আমরা এগুতে চাই ম্যাচ বাই ম্যাচ।
বাংলাদেশ দলের এই এক দিনের প্রস্তুতি নিয়ে সাফে খেলার নেপথ্য চলমান লিগ। লিগ রেখেই অনূর্ধ্ব-১৯ জাতীয় দল নেপাল গেছে। আর সিনিয়র জাতীয় দল বাফুফের ক্যাম্পে উঠেছে। ১০ তারিখের পর ফের লিগ শুরু হবে। এই লিগের জন্যই অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ক্যাম্প করতে পারেনি। ক্লাবগুলোর সাথে আলোচনা করেই লিগ আপাতত বন্ধ রেখেছে বাফুফের নারী উইং।
মার্চে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া মিশন। এরপর এপ্রিলে থাইল্যান্ডে খেলতে যাওয়া। তাই এবারের সাফ অর্পিতা, শান্তি মার্ডিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিগে তারা যে পারফরম করেছে তাকে আরো ঝালিয়ে নেয়ার জন্যই এই সাফ। ফুটবলাররা নিজ নিজ ক্লাবের হয়ে লিগ খেলায় তাদের ফিটনেসে ঘাটতিটা কম। অর্পিতা বিশ^াস জানিয়েছেন, লিগে খেলার কারণে তাদের মধ্যে কম্বিনেশনটা চমৎকার। যা তাদের ভালো করতে সহায়তা করবে।
এ দিকে নারী ফুটবল দলের পুরো বহরকে একটি করে ব্রেসলেট দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।
বাংলাদেশের খেলার ফিকশ্চার
৩১ জানুয়ারি বাংলাদেশ- ভুটান ১২.১৫
২ ফেব্রুয়ারি বাংলাদেশ- ভারত ১২.১৫
৪ ফেব্রুয়ারি বাংলাদেশ- নেপাল ৩.১৫
৭ ফেব্রুয়ারি ফাইনাল ২.১৫



