ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই পুনর্গঠন করতে দেবে না তার দেশ। সোমবার ইসরাইলি আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতানিয়াহু বলেন, আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প পুনর্গঠন করতে দেবো না এবং অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি আবারো শুরু করতে দেবো না।
তিনি আরো সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতার যে ব্যাপক ক্ষতি ইতঃপূর্বে করা হয়েছে, সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হলে কিংবা ইসরাইলের ওপর কোনো হামলা চালানো হলে তেহরানকে অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই ধরনের হুমকির মাত্র কয়েক দিনের মাথায় নেতানিয়াহু এই অবস্থান ব্যক্ত করলেন। গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘নির্মূল’ করার বিষয়ে দুই নেতা ঐকমত্য পোষণ করেন।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পূর্ণ সমর্থন পাওয়ার পরেই ইসরাইল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের বিষয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। গত বছরের জুন মাসে ইসরাইলের সাথে ১২ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং বেশ কিছু পারমাণবিক স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল।



