ছেলের জন্য বিরিয়ানি আনতে গিয়ে ছুরিকাঘাতে মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গত মাসের ১১ এপ্রিল ছেলের জন্য বিরিয়ানি আনতে গিয়ে পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হন অটোরিকশা চালক শামীম (৪০)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়, এক মাস পর রোববার দিনগত গভীর রাতে মারা গেছেন তিনি।

পরে স্বজনরা মামলা করলে এ ঘটনায় জড়িত বাহুবলী ও রহিত নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্ত্রী সুমি আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১০ বেনারসি পল্লী, পানির ট্যাংকি ১৮ নম্বর লেনে। শামীম পেশায় অটোরিকশা চালক।

গত ১১ এপ্রিল রিকশা চালিয়ে দুপুরে খাবার খেতে বাসায় ফেরেন শামীম। তখন ছেলে বিরিয়ানি খেতে চাইলে আবার বাইরে যান। বেনারসি পল্লীর মসজিদের সামনে বাহুবলীসহ কয়েকজনের সাথে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে শামীমকে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে ফোনে খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করান।

সেখান থেকে পরবর্তীতে কয়েকটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সবশেষ অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার আবার তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। রোববার দিবাগত রাতে সেখানে তিনি মারা যান।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো: সোহান মোল্লা জানান, অভিযুক্ত বাহুবলী ও রহিত নামে এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার আছে, ঘটনাটি তদন্তাধীন।