যশোর অফিস
যশোর-৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এমপি মেয়ের সাথে তুচ্ছ বিষয়ে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়িতে গতকাল সকালে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের একটি অংশ বিক্ষোভ করছে।
হামলাকারীদের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহর এক শিশুকে মারধর করে এমপির মেয়ে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ফের শিশু ও তার অভিভাবকের ওপর চড়াও হয় বলে দাবি তাদের। এটিকে পুঁজি করে ওই এলাকার কিছু লোক পরিকল্পিতভাবে এমপির বাড়িতে হামলা চালায়। যদিও এলাকার অপর একটি অংশ বলছে স্রেফ ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। হামলাকারীরা এমপির বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ইটপাটকেল মেরে জানালার কাঁচ ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।



