রাজশাহী ব্যুরো
রাজশাহীর পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয় মাঝি ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় নৌকায় থাকা অপর ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বড়কুঠি এলাকার নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা আফছার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল হক (৪০)। নৌকায় থাকা জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) নদীর স্রোতে ভেসে গেলে স্থানীয় মাঝিরা তাকে উদ্ধার করেন। একইভাবে আরো পাঁচজন যাত্রীকে নিরাপদে তীরে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ কেটে আটজন যাত্রী ইঞ্জিনচালিত নৌকায় করে ফিরছিলেন। বড়কুঠি এলাকার মাঝনদীতে পৌঁছানোর পর প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি দুলতে শুরু করে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে স্থানীয় নৌকার মাঝি ও আশপাশের লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ছয় সদস্যের ডুবুরি দল পালাক্রমে নদীর তলদেশে তল্লাশি চালানোর পাশাপাশি নৌকা নিয়ে আশপাশের এলাকায় অনুসন্ধান চালায়।



