নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় দু’টি আবাসিক হোটেল থেকে চীনের দুই নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- লি শিংচিয়াং (২৫) ও জাও চ্যাওইউ (৩০)। গতকাল উত্তরার ৩ নম্বর সেক্টরে হোটেল মেরিনোতে জাও চ্যাওইউ এবং বেঙ্গল হোটেল থেকে লি শিংচিয়াংয়ের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল সকাল ৭টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ‘হোটেল মেরিনো’-এর ২০৩ নম্বর কক্ষে থাকা জাও হঠাৎ প্রচণ্ড অসুস্থতা অনুভব করলে একই হোটেলের ৭০৭ নম্বর রুমে অবস্থানরত সহকর্মী সি অ্যাচিং-কে ফোনে বিষয়টি জানান। এ সময় সিঅ্যাচিং দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই দিন সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড’-এর ৯০৫ নম্বর কক্ষ থেকে লি শিংচিয়াংয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৯টার দিকে লি শিংচিয়াংকে কক্ষের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত তিন স্বদেশী সহকর্মী- গুও পেংফেই, গাও ঝেনলিয়াং এবং লিউ হাওলিন। তারা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হোটেল স্টাফদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানেই লি শিংচিয়াংয়ের মৃত্যু হয়েছে। তবে হোটেলটিতে মদ বিক্রি এবং সেবনের কোনো অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। জানা গেছে, পাশের একটি বার থেকে নিয়মিত এই হোটেলের বোর্ডারদের মদ সরবরাহ করা হতো।



