৬ মাস পরে উৎপাদনে ফিরছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

গ্যাস সঙ্কটের কারণে ছয় মাস উৎপাদন বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) উৎপাদনের ফিরছে। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ওই কারখানার মহাব্যবস্থাপক মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, গ্যাস সরবরাহ পাওয়ায় আগামীকাল ৬ সেপ্টেম্বর অথবা ৭ সেপ্টেম্বর থেকে সার উৎপাদন শুরু হচ্ছে বলে তিনি প্রত্যাশা করেন। এর আগে চলতি বছরের ৪ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হলে কারখানায় সার উৎপাদনও বন্ধ হয়।

সিইউএফএল বর্তমানে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় এক হাজার মেট্রিকটন ইউরিয়া ও আ্যামোনিয়া ৬০০ মেট্রিকটন উৎপাদন করে। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় কারখানায় সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন গড়ে পাঁচ কোটি কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় ১৯৮৫ সালের ডিসেম্বরে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) স্থাপন করা হয় এবং ২৯ অক্টোবর ১৯৮৭ থেকে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়। শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ইউরিয়া এক হাজার ৭০০ মেট্রিকটন ও অ্যামোনিয়া এক হাজার মেট্রিকটন। এতে নিরবচ্ছিন্নভাবে প্রায় ৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হতো। বর্তমানে বিভিন্ন কারণে উৎপাদন ক্রমেই কমে এক হাজার থেকে এক হাজার ১০০ মেট্রিকটনে দাঁড়িয়েছে।