বিভ্রান্তির হাতিয়ার সোশ্যাল মিডিয়া

প্রবাসীদের ভোট গণনার তথ্য কাল্পনিক

আবুল কালাম
Printed Edition

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট গণনার কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে। তাতে বলা হচ্ছে প্রবাসীদের ৯০ শতাংশ ভোট পেয়েছে জামায়াত। সাহিদার রহমান নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে সম্প্রতি পোস্ট হওয়া একটি ফটোকার্ডে লেখা হয়, ‘প্রবাসীদের ৯০ শতাংশ ভোট পড়েছে জামায়াত ইসলামীতে।’ আরেকটি প্রোফাইল থেকে ছড়িয়ে দেয়া একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, ‘প্রবাসীদের ভোটের ফলাফল, বিএনপি ৭০ হাজার, জামায়াত ৪০ হাজার। আলহামদুলিল্লাহ।’

এ ছাড়া, একটি ভিডিও পোস্ট আপলোড দিয়ে বলা হয়, ‘অবশেষে প্রবাসীদের ভোট গণনা শেষ হয়েছে। ৪ লাখ ৩২ হাজার প্রবাসী ভোটের মধ্যে ৩ লাখ ৬০ হাজার ভোট পড়েছে দাঁড়িপাল্লা মার্কায়। আর মাত্র ৭২ হাজার ভোট পড়েছে বিএনপির দিকে। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানিয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।’ ক্যাপশনে লেখা হয়েছে, ‘মাশাআল্লাহ। খেলা তো কেবল শুরু হইলো।’

তথ্যের সত্যতা যাচাইয়ে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা পোস্টাল ভোট বিধি বিশ্লেষণ করে ডিসমিসল্যাব। বিধিমালার ১৪ ধারার খ(৩) উপধারায় লেখা রয়েছে, ‘ভোটগ্রহণের আনুষ্ঠানিক সমাপ্তির পর পোস্টাল ব্যালটের ভোট গণনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহাদের নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার পোস্টাল ব্যালট পেপারের খাম (ফরম-১০ বা ফরম-১০খ) (যাহাতে রিটার্নিং অফিসারের ঠিকানা মুদ্রিত রয়েছে) খুলিয়া আলাদা করিবেন এবং ঘোষণাপত্রটিতে যথাযথভাবে স্বাক্ষর করা রহিয়াছে কি না তাহা পরীক্ষা করিয়া দেখিবেন।’

অর্থাৎ ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে সমাপ্তির পর নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে গণনার জন্য পোস্টাল ভোটের খাম খোলা হবে। সুতরাং এর আগে পোস্টাল ভোটে কোন দল এগিয়ে আছে তা জানার সুযোগ নেই।

অধিকতর যাচাইয়ে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খানের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি এ বিষয়ে একটি লিখিত বিবৃতি পাঠান। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার আগে ভোটের ফলাফল জানার কোনো সুযোগ নেই। অতএব, এতদসংক্রান্ত যেকোনো ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’