কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাতের আঁধারে দুই ভাইয়ের বাগানের প্রায় ২৫ থেকে ৩০টি ফলদ ও বনজ চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আইন উদ্দিন (৪০) ও মোস্তফা (৩৫) তাদের বসতবাড়ির আঙিনা ও পাশের বাগানে আম, কাঁঠাল, কলা, চালতা, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। শনিবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা এসব গাছ কেটে ফেলে।
আইন উদ্দিন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় তারা আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল) বলেন, ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাটি তিনি জেনেছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



