নিজস্ব প্রতিবেদক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজ ব্যবস্থাপনায় ছোটোখাট ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এগুলো নিয়ে আমাদের এত সিরিয়াস হওয়ার কিছু নেই। কারণ হজ-জাকাত ফরজ কাজ। এগুলো তো আমরা করতেই যাব। বরং সেটাকে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায়, অনিয়মের বাইরে রাখা যায় এবং সরকার থেকে কি কি সহযোগিতা দেয়া যায় সেগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন খালেদ সাইদ আল হাদেল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাপরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. ফারুক আহমেদ, হাবের সাবেক সভাপতি ইব্রাহিম বাহার, সাবেক সিনিয়রসহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি। স্বাগত বক্তৃতা করেন হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।
বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একই সাথে বাংলাদেশী হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ভুয়সী প্রশংসা করেন তিনি।
তিনি আরো বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরো ২৫ হাজার টাকা কমানোর ফলে টিকিটের মূল্য এক লাখ ৩০ হাজার টাকায় নেমে এসেছে। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের ব্যয় আরো কমাতে সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তিনি আরো বলেন, বাংলাদেশী হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেয়ার বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। হজযাত্রীদের সাথে কোনো ধরনের প্রতারণা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মাত্র পাঁচ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান। তিনি এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম- দুর্নীতি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভাপতির বক্তৃতায় হাব সভাপতি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরাসরি মেলায় এসে হজযাত্রীদের এজেন্সির সাথে চুক্তি করার আহবান জানান।
হাব মহাসচিব তার বক্তব্যে হজ এজেন্সি মালিক ও হজযাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তিনি বলেন, বিগত সময়ে মাত্র পাঁচ দিন মিনায় সৌদি কোম্পানি খাবার সরবরাহ করত। এতেই হাজীরা অসুস্থ হযে তেন। এবার পুরো সময় সৌদি কোম্পানি খাবার সরবরাহ করলে হাজীরা খাবার নিয়ে চরম বিপাকে পড়বেন।
জানা যায়, তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলায় দেশের বিভিন্ন হজ ও ওমরাহ এজেন্সির ১৫৪টি স্টল অংশ নিয়েছে। আগামীকাল ১ আগস্ট শনিবার পর্যন্ত মেলা চলবে। মেলায় আবাবিল হজ গ্রুপ, কোবা হজ গ্রুপসহ বিভিন্ন এজেন্সি হজ প্যাকেজ বুকিং দিলেই ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।



