ক্রীড়া ডেস্ক
এবার কারাবন্দী পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন ব্রায়ান লারা। ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি। বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একের পর এক সমর্থনের মধ্যেই ইমরানের পাশে দাঁড়ালেন ক্যারিবীয় এই সাবেক অধিনায়ক।
এক বিবৃতিতে লারা বলেন, মাঠে ইমরান খানের সাথে তার মুখোমুখি হওয়ার সুযোগ খুব বেশি হয়নি। তবে অল্প সময়ের সেই সাক্ষাৎগুলোতেই ইমরানের প্রতি তার গভীর শ্রদ্ধা তৈরি হয়েছিল, যা এখনো অটুট।
ইমরানের খেলোয়াড়ি জীবনের অবদানের কথা স্মরণ করে লারা বলেন, একসময় যিনি পাকিস্তানের মানুষের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তিনি এমন অবস্থায় আছেন যেখানে ন্যূনতম যতœ, সহানুভূতি ও প্রাপ্য সম্মান থেকেও বঞ্চিত হচ্ছেন এটি মেনে নেয়া কঠিন।
অন্য সাবেক অধিনায়কদের সাথে একাত্মতা প্রকাশ করে ইমরানের জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানান লারা। একই সাথে একজন মানুষ হিসেবে তার প্রাপ্য মর্যাদাও নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
লারা আরো বলেন, বিষয়টি কোনো রাজনৈতিক অবস্থান নয়; এটি ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি সাধারণ মানবিকতার প্রশ্ন।
১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট ছাড়েন ইমরান। পরে রাজনীতিতে প্রবেশ করে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে রয়েছেন।
এর আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ সাবেক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানও তার পক্ষে কথা বলেছেন।



