রয়টার্সে দেয়া সাক্ষাৎকারের তথ্য দেশী গণমাধ্যম ভুলভাবে পরিবেশন করেছে : ডা: শফিক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রয়টার্সে দেয়া সাক্ষাৎকারের তথ্য দেশী গণমাধ্যম ভুলভাবে পরিবেশন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল সমাজমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গত পরশু দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সাথে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দু’জন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাদের সাথেও আমার কথা হয়েছে।

জামায়াত আমির বলেন, আমরা তাদের সাথে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সবার বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এ সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সাথে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

ডা: শফিকুর রহমান বলেন, আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সাথে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।