সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

সন্তান বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। জানা গেছে, মনিরা খাতুনের তিন বছরের শিশু ইভান ছাতা হাতে বাড়ির পাশের রেললাইনের ওপর বসে ছিল। হঠাৎ ট্রেনের বিকট শব্দ শুনে মা মনিরা দ্রুত ছুটে এসে সন্তানকে সরানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় শিশু ইভান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী প্রতিনিধি।

নৌকাবাইচ ঘিরে ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালীগঞ্জ খেয়াঘাট এলাকায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন নৌকাবাইচ বন্ধ ঘোষণা করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। গত শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জানা গেছে, স্থানীয় বিএনপির পক্ষ থেকে ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেয়া হয়। তবে সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর পৃথক নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর প্রশাসন সংঘাত এড়াতে প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়। ইউএনও জানান, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে কেউ লিখিত অনুমতি নেয়নি। শান্তি রক্ষা ও সংঘাত এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা।

সুগার মিল চালুর দাবি চাষিদের

কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড পুনরায় চালুর দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আখ চাষিরা। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড আখ চাষি কল্যাণ সমিতির উদ্যোগে মিলের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলম হোসেন মালিথা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, ২০২০ সালে তৎকালীন সরকার মিলটি বন্ধ করে দেয়ায় হাজার হাজার চাষি ও শ্রমিক পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। বেকারত্ব দূর ও এলাকার অর্থনীতি শক্তিশালী করতে মিলটি অবিলম্বে চালু করা প্রয়োজন। সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা বশিরুল আলম চাঁদ, শামীম উল হাসান অপু, খন্দকার টিপু সুলতান ও সাজাহান আলী। বক্তারা অবিলম্বে সুগার মিল চালুর দাবি জানান। মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।

ঝালকাঠিতে ডেঙ্গু রোগী ১,৬৭৮ জন

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে এক হাজার ৬৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। বর্তমানে ঝালকাঠির সরকারি হাসপাতালগুলোতে ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালে-যার সংখ্যা এক হাজার ২৪১ জন। এ ছাড়া রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২৬ জন, নলছিটিতে ১১০ জন এবং কাঁঠালিয়ায় ১০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডা: হুমায়ুন কবির ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। ঝালকাঠি প্রতিনিধি।

মেঘনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর চরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নজরুল ইসলাম মনজু (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড় ১১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়ন সংলগ্ন বাসনের চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজু চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত বদিউজ্জামানের ছেলে। জানা গেছে, সকালে মনজু নিজের জমিতে কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পাশের কৃষকেরা তাকে উদ্ধার করে দ্রুত তজুমদ্দিন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা।

শিশু বলাৎকার মামলায় গ্রেফতার ৫

সাভারের একটি মাদরাসার সাত বছর বয়সী শিশুকে টানা ছয় মাস ধরে বলাৎকারের চাঞ্চল্যকর মামলায় দুই শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যৌথ অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা, আশুলিয়া থানা পুলিশ ও ডিবি। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন ও কামরুজ্জামান এবং তিন শিশু শিক্ষার্থী। মামলার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে ভোলা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, আসামিদের মধ্যে দুই শিক্ষককে আদালতে এবং তিন শিশুকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি মুহতামিম জিয়া ইবনে কাসেমসহ আরো পাঁচজন পলাতক রয়েছেন। সাভার (ঢাকা) সংবাদদাতা।

প্রতিপক্ষের বাড়িতে লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার জুম্মার পর আব্দুল আউয়াল ও ফজলুল হক গ্রুপের সংঘর্ষে দুই সন্তানের জনক নাজিম মোল্লা নিহত হন। এতে আহত হন অন্তত ৫০ জন। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা আসবাবপত্র, গবাদিপশু, ধান-চাল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। নাসিরনগর থানার এসআই জাহান আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি চানায়, গতকাল শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নামি শাড়ি, থ্রি-পিস, চশমা, ওষুধ ও কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা। ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিলানি রহমান জানান, সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা সুসংহত রাখতে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। ফেনী অফিস।