সিলেট ব্যুরো
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে।
গতকাল দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে ২২৭ জন সিলেটের এবং ৪১ জন ঢাকা যাত্রী ছিলেন। এর আগে, শনিবার ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে সিলেট ছেড়ে যায় বিমানের আরেকটি ফ্লাইট (বিজি-২০৭)।
এ দিকে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় এ রুট পুনরায় চালু হয়েছে, যা যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশী, বিশেষ করে সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।
তিনি বলেন, সরকার এ রুটে নিয়মিত ও টেকসই ফ্লাইট পরিচালনায় বদ্ধপরিকর। যাত্রীসেবার মানোন্নয়ন, বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং রেমিট্যান্সযোদ্ধাদের জন্য আরো সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট-কক্সবাজার রুটও পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর এবং আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র (রিজিওনাল হাব) হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাথে আকাশ যোগাযোগ সম্প্রসারণে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।



