জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক হয়েছেন

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো: রুহুল আমিন স্বাক্ষরিত নিয়োগপত্রের বরাতে সোমবার তাকে এই মনোনয়ন দেয়া হয়। যা গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানানো হয়। নগরের শাহী ঈদগাহ এলাকার স্থায়ী বাসিন্দা বদরুজ্জামান সেলিম ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতিও ছিলেন।

নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম মঙ্গলবার বেলা ২টায় নয়া দিগন্তকে জানান, জালালাবাদ গ্যাসের পরিচালক মনোনীত হওয়ার মাধ্যমে তিনি সিলেটবাসীর সেবা করার যে সুযোগ পেয়েছেন তা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন।