সোশ্যাল মিডিয়ার ভাষা অত্যন্ত নোংরা, নিকৃষ্ঠ ও অরুচিকর : ড. মাহবুব উল্লাহ

Printed Edition
ডিবেট ফর ডেমোক্র্যাসির বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ড. মাহবুব উল্লাহ  :  নয়া দিগন্ত
ডিবেট ফর ডেমোক্র্যাসির বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ড. মাহবুব উল্লাহ : নয়া দিগন্ত

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তবে আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টি করার মতো শক্তি তাদের এখনো হয়নি। সম্প্রতি উপদেষ্টা ডা: জাহেদ উর রহমানের সাথে দিল্লির ইমিগ্রেশনে শিষ্টাচার বহির্ভূত যে আচরণ করা হয়েছে তা কেবল ব্যক্তিকে নয়, বাংলাদেশকে অবমাননার অপচেষ্টা, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়।

গতকাল রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এফডিসিতে সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মাহবুব উল্লাহ আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উসকানি ও অপপ্রচার এখনো অব্যাহত আছে। এ ব্যাপারে আমাদের সাবধান ও সচেতন থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ এখন যে ভাষা ব্যবহার করে তা অত্যন্ত নোংরা, নিকৃষ্ঠ ও অরুচিকর। সোশ্যাল মিডিয়ায় গুজব ও উসকানি দেয়ায় রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে। গুজব ও অপপ্রচার অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরুত্থানের পথ খুঁজে পাবে। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে যে ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে তা অত্যন্ত ক্ষতিকর।

‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধীদল তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের পরাজিত করে সরকারিদল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাছুদুর রহমান, সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি, সাংবাদিক মো: আতিকুর রহমান ও সাংবাদিক জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দুই দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। বিজ্ঞপ্তি।