শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে দোষারোপ আফগানিস্তানের

Printed Edition

আলজাজিরা

নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যেই আফগানিস্তানের তালেবান সরকার সম্প্রতি পাকিস্তানকে ‘অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে শান্তি আলোচনার ব্যর্থতার জন্য দায়ী করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান দাবি করেছে যে পাকিস্তান তাদের বিরোধী সশস্ত্র গোষ্ঠী, বিশেষ করে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)-কে আশ্রয় ও সহায়তা দিচ্ছে, যা আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকি সৃষ্টি করছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর অশুভ ভূমিকার কারণে শান্তি আলোচনা ভেঙে গেছে। তারা আমাদের শত্রুদের আশ্রয় দিয়ে আঞ্চলিক অস্থিরতা বাড়াচ্ছে।’ তিনি আরো অভিযোগ করেন, পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ ও আফগান ভূখণ্ডে অনুপ্রবেশের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

পাকিস্তান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতে ইসলামাবাদ দাবি করেছে, তারা আফগানিস্তানে স্থিতিশীলতা চায় এবং এনআরএফ বা অন্য কোনো গোষ্ঠীকে সমর্থন দেয় না। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান-আফগান সম্পর্ক ক্রমেই অবনতি ঘটেছে। একসময় তালেবানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান এখন সীমান্ত বিরোধ, বাণিজ্যিক টানাপড়েন ও নিরাপত্তা ইস্যুতে তালেবানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।