নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের ৫ নং ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মাছের আড়তে শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জনের মালিকানাধীন আড়তের টঙ দোকান ও মালামাল ভস্মীভূত হয়েছে। আগুনে আড়তে মাছ সংরক্ষণ ও পরিবহনের কাজে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আগুনে নারায়ণগঞ্জ পোর্ট এরিয়োর ৫ নং ঘাট শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মায়ের আশীর্বাদ মৎস্য আড়ত, মারিয়া মৎস্য আড়ত, শাহজালাল মৎস্য এন্টারপ্রাইজ ও হরেকৃৃষ্ণ মৎস্য ভাণ্ডারসহ ছয়জনের মালিকানাধীন আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ছয়টি আড়তের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে তদন্ত চলছে।



