মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান মাহাথিরের

Printed Edition

স্ট্রেইটস টাইমস

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সঙ্ঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সঙ্ঘাতরত পক্ষগুলোকে অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাহাথির বলেন, ‘শান্তিপূর্ণ আলোচনা হওয়াই উচিত বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায়। যুদ্ধ বন্ধ করুন।’ আজীবন যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত এই বর্ষীয়ান নেতা আরও যোগ করেন, ‘আমি বরাবরই যুদ্ধের বিপক্ষে। মানুষকে হত্যা করা কোনো সমস্যার সমাধান হতে পারে বলে আমি বিশ্বাস করি না।’

মাহাথির মোহাম্মদ তার পোস্টে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, যুদ্ধ মানেই হচ্ছে গণহারে মানুষ হত্যা। আধুনিক সভ্যতায় দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর পথ হিসেবে যুদ্ধকে বেছে নেয়াটা অবিশ্বাস্য ও অমানবিক।