টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে আব্দুল গফুর (৪২)।
টাঙ্গাইল দায়রা আদালতের পিপি জানান, অনুমান ৩০ বছর আগে আসামি আব্দুল গফুরের সাথে ঘাটাইলের মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। বিগত ২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় সেলিনা নিখোঁজ হন। পরদিন ২১ নভেম্বর বিকেলে মাকড়াই গ্রামের একটি জঙ্গলের ড্রেন থেকে সেলিনার লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে সেলিনা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্বামী আব্দুল গফুর।
এ ঘটনায় সেলিনার ভাই আব্দুল মান্নান দুই দিন পর ঘাটাইল থানায় মামলা করে। পরে পুলিশ গফুরকে গ্রেফতার করলে তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। একই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।



