সিলেট-সুনামগঞ্জে আনসার সদস্যসহ তিনজন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো তিনজন। এর মধ্যে সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক মাদরাসাছাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া একই মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

জৈন্তাপুরে নিহত ২

সিলেট ব্যুরো ও জৈন্তাপুর সংবাদাতা জানান, সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকায় আম্মাজান এন্টারপ্রাইজ বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট গ্যাসফিল্ড লিমিটেড সংলগ্ন ইয়াকুব আলী চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী নুসরাত জাহান (১৭) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়কান্দা গ্রামের আব্দুল মুমিনের মেয়ে। আহতরা হলেন- মোহাম্মদ আলী (২৮), স্ত্রী সুমাইয়া আক্তার (২২) ও মা কুলসুম বেগম (৬০)। তাদের বাড়ি ঢাকার কদমতলী থানাধীন দোলাইপাড় এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মামা, মামি ও নানীর সাথে সিলেটে বেড়াতে আসেন নুসরাত জাহান। গতকাল সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। পথে সিলেট গ্যাসফিল্ডের মেইন গেট এলাকায় পৌঁছলে সিলেটমুখী দ্রুতগতির আম্মাজান এন্টারপ্রাইজ বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নুসরাত জাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আপর দিকে একই মহাসড়কের কাটাগাং এলাকায় ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া গ্রামের মৃত সাইফুল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেল চালিয়ে জাফলং যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনসার সদস্য নিহত

এ দিকে সুনামগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিচনী পয়েন্টসংলগ্ন ডাবর-জগন্নাথপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জে’র প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। পরিবার জানায়, ছুটিতে বাড়িতে এসেছিলেন উজ্জ্বল। গতকাল সকালে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয়ে শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা জানান, সকালে সিচনী সেতু পার হয়ে কালাপুলসংলগ্ন মহাসড়কের দিকে বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর উজ্জ্বলকে পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। কিছু দূরে সড়কের পাশে পড়ে ছিল তার মোটরসাইকেল।