নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামের সাথে ঢাকা-৪ ও ৫ আসনের এমপিরা মতবিনিময় সভা করেছেন।
গতকাল সকালে নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন অংশ নেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল দখল হওয়া খাল ও খেলার মাঠ উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গৃহস্থালির বর্জ্যরে অতিরিক্ত বিল, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সড়ক পরিচ্ছন্নতা, ফুটপাথ দখলমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম এবং মাদকবিরোধী কর্মসূচি।
এ সময় এমপিদ্বয় আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের যথাযথ তদারকি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ডিএমসিমি প্রশাসক আব্দুস সালাম এমপিদ্বয়কে নগরীর বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানা আমির মো: শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, মহানগরীর মজলিসে শূরা সদস্য শাহাদাত হোসেন হেলাল, শ্রমিক নেতা মো: নজরুল ইসলাম, কদমতলী থানা আমির মাওলানা জুনাইদ আহমেদ, যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমির মুহাম্মদ যাকীর হুসাইন, যাত্রাবাড়ী পূর্ব থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, শামসুল হুদা পলাশ, মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।



