পটুয়াখালী প্রতিনিধি
নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে পটুয়াখালী জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী-২ আসনে বাউফলের ধুলিয়ায় জামায়াতে ইসলামির নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে যুবদল নেতা জামাল ও রাফার নেতৃত্বে নারীদের বাধা প্রদান করা হলে তার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের ওপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



