লাশ চুরি মামলায় সাড়ে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড

Printed Edition

রয়টার্স

গবেষণার উদ্দেশ্যে দান করা লাশের অঙ্গ-প্রত্যঙ্গ অবৈধভাবে বেচাকেনার অভিযোগে ক্ষতিগ্রস্ত স্বজনদের পাঁচ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বোস্টনের একটি আদালতে আইনি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই সমঝোতা স্মারক পেশ করা হয়। এর মাধ্যমে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বিরুদ্ধে দায়ের করা একাধিক দেওয়ানি মামলার অবসান ঘটতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সাবেক মর্গ ব্যবস্থাপক সেড্রিক লজ লাশের অঙ্গ চুরির পর তা খোলাবাজারে বিক্রির দায় স্বীকার করে নেয়ার পরই এসব মামলার উৎপত্তি হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মেডিক্যাল স্কুলের ‘অ্যানাটমিক্যাল গিফটস প্রোগ্রাম’-এর দায়িত্বে থাকার সুযোগে ৫৮ বছর বয়সী লজ লাশের অংশ কেটে সরিয়ে ফেলতেন। পরবর্তীতে তিনি ও তার স্ত্রী পেনসিলভেনিয়া ও ম্যাসাচুসেটসের ক্রেতাদের কাছে তা বিক্রি করতেন। সাধারণত শিক্ষার্থীদের ব্যবহার শেষে লাশ দাহ করে ছাই স্বজনদের কাছে ফেরত দেয়া বা বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে দাফন করার নিয়ম থাকলেও লজ ও তার সহযোগীরা এই অনিয়ম চালিয়ে যান। গত বছর আদালত লজের সাজা ঘোষণা করেন এবং তার স্ত্রীকে এক বছর এক দিনের কারাদণ্ড দেন। একই ঘটনায় যুক্ত আরো ছয়জন নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

স্বজনদের অভিযোগ ছিল, মর্গের এই অনিয়ম সম্পর্কে দীর্ঘ দিন জানা থাকা সত্ত্বেও হার্ভার্ড কর্তৃপক্ষ তা ঠেকায়নি। প্রাথমিকভাবে নিম্ন আদালতে মামলাগুলো খারিজ হলেও গত বছর ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট তা পুনরুজ্জীবিত করেন। এরই ধারাবাহিকতায় গত পরশু বাদিপক্ষ ও হার্ভার্ড কর্তৃপক্ষ ৫৩ মিলিয়ন ডলারের যৌথ সমঝোতা চুক্তি অনুমোদনের আবেদন জানায়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ডিন জর্জ ডেইলি ও বার্নার্ড চ্যাং যৌথ চিঠিতে এই ঘটনাকে ‘নৈতিকভাবে নিন্দনীয়’ বলে স্বীকার করেছেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল গঠনের পাশাপাশি ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থসহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেয়া হয়েছে।