নড়াইলের কাজলা নদীর পানতিতা এলাকা দখলের অভিযোগ

Printed Edition
নড়াইলের কাজলা নদীতে বাঁধ দিয়ে দখলের চেষ্টা : নয়া দিগন্ত
নড়াইলের কাজলা নদীতে বাঁধ দিয়ে দখলের চেষ্টা : নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

এপাড়ে মুলিয়া বাজার, ওপাড়ে পানতিতা। মাঝখানে প্রবাহিত নড়াইলের কাজলা নদী। এই কাজলার কূল ঘেঁষে পানতিতা অংশ দখলে মেতে উঠেছেন একটি মহল। নদী দখল করে ভরাট করা হচ্ছে মাটি ও বালু। প্রায় ৫০ শতক সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে। প্রায় চারদিন আগে পানতিতা এলাকায় নদীর গা ঘেঁষে মাটি দিয়ে উঁচু বাঁধ তৈরি করা হয়েছে। এর মধ্যে বালু দিয়ে ভরাট করার প্রস্তুতি চলছে।

তবে, নদী ভরাট বন্ধে সচেতন নাগরিকদের কয়েকজন ইতোমধ্যে বাধা দিয়েছেন। বিষয়টি তারা মুলিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং সদর উপজেলা ভূমি অফিসকে অবগত করেছেন তারা।

অভিযোগ রয়েছে, পানতিতা এলাকার কয়েকজন যুবক নদী দখল করে মাটি ও বালু ভরাট করার চেষ্টা করছেন। তাদের দাবি, বিভিন্ন পূজা উপলক্ষে মেলার মাঠ তৈরির জন্য এখানে মাটি ভরাট করছেন তারা।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, পানতিতা এলাকায় নদী দখল করে কে বা কারা মাটি ভরাটের চেষ্টা করছে, বিষয়টি আমি অবগত হয়েছি। সরেজমিন গিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।