ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান বলেছেন, মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান, তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই ডাকসু ভিসি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। যার মধ্য দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
তারেক রহমানের নেতৃত্বে সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিএনপি যা বলে, তা করে। দীর্ঘ ১৭ বছর পর এমন একটি দিনে কেরানীগঞ্জে উপস্থিত হতে পেরে স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, কেরানীগঞ্জ মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



