ফেনী ও সালদা নদী সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফেনী সীমান্তে চার নারী ও শিশু এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্তে আরো চার নারী ও শিশুকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

ফেনী সীমান্তে ৪ অনুপ্রবেশকারীকে ঠেকাল বিজিবি

ফেনী অফিস জানায়, ফেনী সীমান্তে চার অনুপ্রবেশকারীকে আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার জেলার পরশুরাম উপজেলার কেতরাংগা দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়।

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে পরশুরাম উপজেলার কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে একজন নারী ও তিনজন শিশু বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে বিজিবির টহল দল শূন্যলাইনের কাছে তাদের শনাক্ত করে এবং আটকে দেয়।

এ বিষয়ে চার বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে তৎপরতা অব্যাহত রেখেছে।’

এর আগে শনিবার একই উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে ছয় নারী এবং এক শিশুকে আটকে দেয়া হয়।

সালদা নদী সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্তে এক নারী ও তিন শিশুসহ মোট চারজনের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

রোববার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে সালদা নদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তারা জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সালদা নদী বিওপির নিয়মিত টহলরত বিজিবি সদস্যরা শূন্যলাইনের নিকট তাদের শনাক্ত করেন।

বিজিবির টহলদল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।