স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯

Printed Edition
স্পেনের আদামুজ এলাকায় দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকাজে দমকলকর্মী ও সিভিল গার্ড সদস্যরা : ইন্টারনেট
স্পেনের আদামুজ এলাকায় দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকাজে দমকলকর্মী ও সিভিল গার্ড সদস্যরা : ইন্টারনেট

এপি

স্পেনের দক্ষিণাঞ্চলে রোববার রাতে দু’টি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। রেল কর্তৃপক্ষ আদিফ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন কর্দোবার কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন।

লাইনচ্যুত অংশটি বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সাথে সজোরে ধাক্কা খায়। এর আগে আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ান মোরেনো জানান, দুর্ঘটনায় আহত হয়ে ৭৫ জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। অধিকাংশ আহতকে কর্দোবা শহরের হাসপাতালে নেয়া হয়েছে। স্পেনের রেড ক্রস দুর্ঘটনাস্থলের কাছে আদামুজ শহরে একটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। সেখানে জরুরি সেবাকর্মী ও স্বজনদের তথ্য সহায়তা দেয়া হচ্ছে। রাতভর স্পেনের সিভিল গার্ড ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। ভিডিও ও ছবিতে দেখা যায়, ট্রেনের বগিগুলো উল্টে পড়ে রয়েছে এবং ধাতব অংশগুলো দুমড়ে-মুচড়ে গেছে। যাত্রীরা জানান, ভাঙা জানালা দিয়ে তারা বেরিয়ে আসেন। কেউ কেউ জরুরি হাতুড়ি ব্যবহার করে জানালা ভেঙে বের হন। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিইর সাংবাদিক সালভাদোর হিমেনেস একটি লাইনচ্যুত ট্রেনে ছিলেন। তিনি ফোনে বলেন, ‘এক মুহূর্তে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে, তারপরই ট্রেন লাইনচ্যুত হয়।’ স্পেনের পরিবহনমন্ত্রী ওস্কার পুয়েন্তে সোমবার ভোরে জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

তিনি ঘটনাটিকে ‘খুবই অস্বাভাবিক’ বলে বর্ণনা করেন, কারণ এটি এমন একটি সমতল রেলপথে ঘটেছে, যা গত মে মাসে সংস্কার করা হয়েছিল। তিনি আরো জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি চার বছরেরও কম পুরনো। পুয়েন্তে বলেন, প্রথম ট্রেনটির পেছনের অংশ লাইনচ্যুত হয়ে অন্য ট্রেনটির সামনের অংশে আঘাত করে। এতে রেনফে কোম্পানির ট্রেনটির প্রথম দু’টি বগি লাইনচ্যুত হয়ে প্রায় চার মিটার নিচে পড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওই ট্রেনটির সামনের অংশে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কত সময় লাগতে পারে এ প্রশ্নে মন্ত্রী বলেন, তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। ইউরোপীয় ইউনিয়নের তথ্যমতে, স্পেনে ২৫০ কিলোমিটার গতির বেশি চলাচলকারী ট্রেনের জন্য ইউরোপের সবচেয়ে বড় উচ্চগতির রেল নেটওয়ার্ক রয়েছে। দেশটিতে এমন রেলপথের দৈর্ঘ্য তিন হাজার ১০০ কিলোমিটারের বেশি। এই রেলসেবা তুলনামূলকভাবে সাশ্রয়ী ও নিরাপদ হিসেবে জনপ্রিয়। রেনফে জানিয়েছে, ২০২৪ সালে তাদের উচ্চগতির ট্রেনে দুই কোটি ৫০ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। দুর্ঘটনার পর সোমবার মাদ্রিদ ও আন্দালুসিয়ার বিভিন্ন শহরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, চলতি শতাব্দীতে স্পেনের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। তখন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৮০ জন নিহত হন। তদন্তে জানা যায়, অনুমোদিত গতির চেয়ে অনেক বেশি গতিতে চলার কারণেই সেই দুর্ঘটনা ঘটেছিল।