নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মো: মনির হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল।
গতকাল রাজধানীর পল্টনের আলরাজী কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।
নির্বাচনে কার্যনির্বাহী পাঁচটি পদসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হয়। সংগঠনের ৮৩ জন সদস্যের মধ্যে ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’জন দেশের বাইরে থাকায় তারা ভোট দিতে পারেননি।
সভাপতি পদে মো: মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সামদানী ভূঁইয়া পেয়েছেন ৩২ ভোট। সহসভাপতি পদে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক বাবুল বর্মন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজিংবিডির এস এম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব রাসেল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক জুনাইদ শিশির পেয়েছেন ৩২ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট।
অর্থসম্পাদক পদে আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মাহফুজুল ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের জ্যেষ্ঠ প্রতিবেদক আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট।
দফতর সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপ্লবী বার্তার ওবায়দুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টেলিভিশনের সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন (৫৪ ভোট), জিটিভির মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৫৩ ভোট), একাত্তর টিভির সুশান্ত সিনহা (৪৬ ভোট), নিউএইজের মুস্তাফিজুর রহমান (৪৫ ভোট) ও অর্থসংবাদের এসএম জাকির হোসেন (৪৩ ভোট) নির্বাচিত হয়েছেন।



