অ্যাথলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে গত পরশু হেরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডেই ‘লস কলচোনেরোস’দের জালে বল জড়াল সোসিয়েদাদ। সেই ধাক্কা সামলে দ্রুতই জবাব দিল অ্যাথলেটিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার এগিয়ে গেল ‘চুরি-উর্দিন’রা। নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে জুলিয়ান আলভারেজের গোলে ম্যাচে নাটকীয় মোড়। এতে লড়াইটা অতিরিক্ত সময়ে টেনে নিলো দিয়েগো সিমিওনের দল। অতিরিক্ত ৩০ মিনিটেও ২-২ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে অ্যাথলেটিকোকে ৪-৩ ব্যবধানে হারিয়ে পাঁচ মৌসুম পর শিরোপা জিতল সোসিয়েদাদ।

সেভিয়ার লা কার্তুজায় ফাইনালে বল পজিশন ও আক্রমণে অনেক এগিয়ে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু ম্যাচ শুরু ১৫ সেকেন্ডেই অ্যাথলেটিকোর জালে বল পাঠায় সোসিয়েদাদ। বাঁ দিক থেকে গনসালো গুয়েদেসের ক্রসে লাফিয়ে হেডে গোলটি করেন অ্যান্ডার ব্যারেটক্সিয়া। তার এই গোলে ভেঙেছে ৭৪ বছরের পুরোনো রেকর্ড। ১৯৫২ সালের কোপা দেল রে ফাইনালে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন ভ্যালেন্সিয়ার ম্যানুয়েল বাদেনেস। গোল হজম করার পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি অ্যাথলেটিকো। ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান আদেমোলা লুকমান। অ্যান্তনিও গ্রিজমানের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। আক্রমণ পাল্টা-আক্রমণ চলতে থাকা ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সফল স্পট কিকে সোসিয়েদাদকে আবার এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না অ্যাথলেটিকো। অবশেষে ৮৩ মিনিটে চমৎকার গোলে স্কোরলাইন ২-২ করেন জুলিয়ান আলভারেজ। থিয়েগো আলমাদার পাস বক্সের সামনে পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। নির্ধারিত সময়ে আর কোনো দল জালের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে আলেকজান্ডার সরলথ ও আলভারেজের নেয়া প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। আর সোসিয়েদাদের হয়ে প্রথম শটে গোল করলেও দ্বিতীয় শট নেয়া অরি ওস্কারসন ব্যর্থ হন। এরপর বাকি তিন জন জালের দেখা পেলে চতুর্থবারের মতো এই শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে সোসিয়েদাদ।