সিলেট ব্যুরো
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গ্রামাঞ্চলকে শহরের মতো সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ-পরিকল্পনা গ্রহণ করেছেন। যাতে সর্বস্তরের মানুষ শহরের মতো গ্রামে সেই সব সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। ইতোমধ্যে সিলেট বিভাগের রাস্তাঘাট-অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। জেলা পরিষদ সরকারের গ্রামীণ উন্নয়নের জন্য সব পদক্ষেপ-পরিকল্পনা ও উন্নয়নকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
বিয়ানীবাজার উপজেলায় জেলা পরিষদে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
এর আগে তিনি সিলেট জেলা পরিষদ কর্তৃক বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে পোর্টেবল এক্সরে মেশিন প্রদান ও সংবর্ধনা সভায় যোগদান, বিয়ানীবাজার পৌর শহরে জেলা পরিষদের মালিকানাধীন মার্কেট ও পুকুর পরিদর্শন, বিয়ানীবাজার থানা পরিদর্শন এবং দুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
এসব অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি নজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকসী, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীনুর চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, হারুনুর রশীদ, ফয়ছল উদ্দিন, সাবেক সহসভাপতি এম সাইফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন প্রমুখ।



