জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগিয়ে তুলতে চুয়াডাঙ্গার জীবননগরে এক জমকালো রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল, ‘অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ’। এই বিষয়ের ওপর ভিত্তি করে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তি-তর্কের মাধ্যমে দুর্নীতির কুফল ও তা প্রতিরোধের নানা উপায় তুলে ধরে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন। পরে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। একটি প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত সমাজগঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিকতার চর্চা করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এই সামাজিক আন্দোলন আরো বেগবান করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিজয়ী বিতার্কিক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



