মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা নারীসহ নিহত ১৪

Printed Edition

এপি

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং এলাকার একটি বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর পরিচালিত বিমান হামলায় তিন নারীসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার মান্দালয় শহরের কাছে অবস্থিত মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সময় মঠটিতে একটি সপ্তাহব্যাপী ধ্যান কর্মসূচি চলছিল, যেখানে প্রায় শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও সাধারণ দর্শনার্থী অংশ নিয়েছিলেন। একটি সামরিক যুদ্ধবিমান থেকে মঠটির প্রাঙ্গণে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পরপর দু’টি শক্তিশালী বোমা ফেলা হয়। দ্বিতীয় বোমার আঘাতে মঠসংলগ্ন একটি পুরো বসতবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়। হামলার পর পর ভীতি ছড়িয়ে পড়লে বেঁচে যাওয়া বাসিন্দারা নিকটবর্তী গ্রামে আশ্রয় নিতে বাধ্য হন।

পর পর একাধিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে অস্থিতিশীল মিয়ানমারের সাগাইং অঞ্চলকে জান্তা সেনারা প্রধান লক্ষ্যবস্তু করে রেখেছে। এলাকাটিতে বেসামরিক মানুষের ওপর নিয়মিত বিমান হামলার পাশাপাশি আত্মঘাতী ড্রোনও ব্যবহার করছে সেনাবাহিনী। তবে এই সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।