চট্টগ্রাম ব্যুরো
আলোচিত শিল্পগ্রুপ এস আলমের ভাগ্নে ও ভাগ্নের স্ত্রীর বিরুদ্ধে চেক ডিজঅনারের পৃথক তিন মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের পৃথক দু’টি আদালত। গতকাল রোববার এসব আদেশ দেয়া হয় বলে আদালত সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, আদিল করপোরেশনের প্রোপ্রাইটর মোস্তান বিল্লাহ আদিলের (এস আলমের ভাগ্নে) কাছে গত বছরের ২৮ মে পর্যন্ত মোট পাওনা এক হাজার ২৮৭ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৮৮২.৭৯ টাকা আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা। অর্থঋণ মামলার পাশাপাশি এসব অনাদায়ী ঋণের বিপরীতে প্রদত্ত চেকের ভিত্তিতে গত বছরের ১৭ এপ্রিল হতে ১৯ জুনের মধ্যে এনআই অ্যাক্টের আওতায় চেক ডিজঅনারের ২৫টি মামলা রুজু করে ব্যাংক কর্তৃপক্ষ।
সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মহানগর যুগ্ম দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বিপ্লব দেবনাথ গতকাল রোববার এন আই অ্যাক্টের দু’টি মামলায় (এসটি ২১০৫/২৬ ও ২১০৬/২৬) আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালত সূত্র জানিয়েছে, যে দু’টি মামলায় চার্জ গঠন হয়েছে ওই দু’টি চেকের মূল্য ১১৮ কোটি ৮১ লাখ টাকা। বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও মসলা আমদানি এবং স্থানীয় বাজারে বিক্রির নামে এসব ঋণ নেয়া হয়েছিল বলে সূত্র জানায়।
এদিকে এক হাজার ১৯৭ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৫৬৪.৬৯ টাকা বকেয়া ঋণ আদায়ের জন্য গত বছরের ২২ মে সাদিয়া ট্রেডার্সের নামে অর্থঋণ আদালতে মামলা করে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা। ইতোমধ্যে ঋণের টাকা আদায়ে চলতি বছরের ২৯ এপ্রিল ব্যাংকের পক্ষে একতরফা রায় দেয় অর্থঋণ আদালত। এসব ঋণের টাকা আদায়ে অর্থঋণ মামলার পাশাপাশি ঋণের বিপরীতে প্রদত্ত চেকের ভিত্তিতে গত বছরের ১৭ এপ্রিল হতে ১৯ জুনের মধ্যে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর এস আলমের ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিলের স্ত্রী সাদিয়া জামিলের বিরুদ্ধে এনআই অ্যাক্টের আওতায় চেক ডিজঅনারের ২৪টি মামলা রুজু করে ব্যাংক কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও মসলা আমদানি এবং স্থানীয় বাজারে বিক্রির নামে নেয়া ঋণের বিপরীতে প্রদত্ত চেক ডিজঅনারের মামলাগুলোর মধ্যে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক শহীদুল্লাহ কায়সার গতকাল রোববার একটি মামলায় (এসটি ১৬১২/২৬) আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। ওই চেকের মূল্য ৪৭ কোটি ৯৬ লাখ টাকা বলে আদালত সূত্র জানিয়েছে।



