আহত শতাধিক

সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছত্রভঙ্গ হয়ে দিগি¦দিক ছুটে যান শিক্ষকরা। এই ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক আহত হয়ে জরুরি বিভাগে এসেছেন। অনেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আবার কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, দশম গ্রেডে বেতন-ভাতা দেয়াসহ তিন দফা দাবির পূর্বঘোষণা অনুযায়ী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। শনিবার সকাল ৯টা থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। বেলা ৩টার দিকে কলম সমর্পণ কর্মসূচি করতে শাহবাগে অভিমুখে পদযাত্রা শুরু করি। শাহবাগ মোড়ে যাওয়ার আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ শিক্ষকদের আটকে দেয়। পুলিশি বাধায় রাস্তার উপরে বসে যান শিক্ষকরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষকরা দাবি আদায়ে স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকরা ছুটাছুটি শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। দাবি পূরণ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা তিন লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতের উদ্যোগ নেয়। তবে এ পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।