সোনাতলায় অন্ধ সেজে ৫ বছর ধরে প্রতিবন্ধী ভাতা উত্তোলন

Printed Edition

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলা উপজেলায় মো: আল আমিন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে ভুয়া অন্ধ সেজে দীর্ঘ পাঁচ বছর ধরে সরকারি প্রতিবন্ধী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পল্লী চিকিৎসক ও দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকরুল ইসলামের (আঙ্গুর) ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি প্রকৃতপক্ষে দৃষ্টি প্রতিবন্ধী নন; বরং অর্থের বিনিময়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে অন্ধ হিসেবে ভাতার কার্ড সংগ্রহ করে নিয়মিত ভাতা তুলে আসছেন।

অভিযোগ রয়েছে, আল আমিন স্বাভাবিকভাবে চলাফেরা করেন, এমনকি মোটরসাইকেল চালানো এবং একটি মুদিদোকান পরিচালনার মতো কাজও করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘অর্থের বিনিময়ে তিনি নিজের জন্য অন্ধ হিসেবে ভাতার কার্ড সংগ্রহ করেছেন। এসব প্রতারণা বন্ধে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেয়া জরুরি।

এ বিষয়ে সোনাতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবদুল আলীম বলেন, ‘আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’