ক্রীড়া প্রতিবেদক
চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের পদকের সম্ভাবনা মূলত কাবাডিতে। আগের দিন নারী ও পুরুষ কাবাডি উভয় ইভেন্টে বাংলাদেশ জিতলেও গতকাল পুরুষ ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ৪৩-৩০ পয়েন্টে হেরেছে। এ দিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া নারী ইভেন্টের খেলাটি হবে ২৬ এপ্রিল। নারী কাবাডিতে বাংলাদেশ-নেপাল ম্যাচের ওপর বাংলাদেশের সেমিফাইনাল ও পদক অনেকাংশে নির্ভর করছে। এই ম্যাচের ফলাফলের জন্য মিডিয়ার আগ্রহ ছিল ব্যাপক। গেমসের ওয়েবসাইটেও এই ম্যাচে ফলাফল পাওয়া যায়নি। অলিম্পিক ও কাবাডি ফেডারেশন কিছুই জানায়নি।
নানা বাহানায় বহর বড় করে গেমসে গেলেও গেমসের ফলাফল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে দেয়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এমনকি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কন্টিনজেন্টের ছবিও দেয়নি। কাবাডি ফেডারেশন নিজস্ব মিডিয়া গ্রুপে বাংলাদেশের ফলাফল দিলেও গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের ফল জানায়নি। বিচ অ্যাথলেটিক্সে গতকাল দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান হিটেই বাদ পড়েছেন। ৬০ মিটার স্প্রিন্টে তার টাইমিং ৭.৯০ সেকেন্ড। তার হিট থেকে পরের রাউন্ডে যাওয়া দুই অ্যাথলেটের টাইমিং ৭.৫০ ও ৭.৬০ সেকেন্ড। পুরুষ ইভেন্টে আব্দুল মোতালেব ৭.২১ সেকেন্ডে তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেছেন। আটজনের হিটে তিনি ষষ্ঠ হয়েছেন।



