ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর খুব বেশি সময় পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-২০ সিরিজের ব্যস্ততা কাটতে না কাটতেই এবার টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছেছে অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। গতকাল বিশ্রামে থাকলেও আজ বোলা ২-৫টা পর্যন্ত মিরপুরে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা। তবে বাংলাদেশের আজ কোনো প্রাকটিস নেই।
আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে, যেখানে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় দলের সবাই একসাথে আসতে পারেননি। বিশেষ করে বাবর আজম, যিনি পেশোয়ার জালমির নেতৃত্বে ফাইনাল খেলবেন। বাকি ক্রিকেটাররা ঢাকায় পৌঁছেছেন এবং বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তাদের হোটেলে নেয়া হয়েছে। পিএসএল শেষে অন্য সদস্যরাও যোগ দেবেন।
এই সিরিজে পাকিস্তান দলে চারজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল সাজিয়েছে পাকিস্তানের নির্বাচকরা, যা দলটির ভারসাম্যকে আরো শক্তিশালী করতে পারে। কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের অধীনে এই সিরিজ দিয়ে পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তার সাথে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে রয়েছেন উমর গুল।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দু’টি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অন্তর্ভুক্ত।



